তিন জেলায় বজ্রপাতে নিহত ৫
নারায়ণগঞ্জ, বাগেরহাট ও ফরিদপুরে বজ্রপাতে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন।
বৃহস্পতিবার দুপুর বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জে বজ্রপাতে মারা যায় মোল্লাপাড়ার অনীক (১৫) ও ফেরদৌস (১৭)।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের ফার্মাসিস্ট আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করার সময় বজ্রপাত হলে অনীক ও ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। আর আহত হয় গফুর (২২)।
তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তিনি।
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে বজ্রপাতে হাসান মোল্লা (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ফরিদপুর মডেল থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাত হলে হাসান ঘটনাস্থলেই মারা যায়।
হাসান ওই গ্রামের জাভের মোল্লার ছেলে। সে এ বছর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী দিয়েছিল।
বাগেরহাটের মোরেলগঞ্জের কামলা গ্রামে একটি কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান শ্রমিক কালিপদ মজুমদার (৫০) ও রফিকুল ইসলাম (২৫)।
আহত হন সাইফুল শেখ (২৫)। তাকে পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মোরেলগঞ্জ থানার ওসি তারক বিশ্বাস জানান।
তিনি বলেন, কলাবাগানে তিন শ্রমিক কাজ করছিলেন। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।এ সময় বজ্রপাতে কালিপদ ও রফিকুল ঘটনাস্থলে মারা যান।
