যশোরে ভোট কেন্দ্রে গোলাগুলিতে নিহত ১
যশোর সদরে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান এসপি আনিসুর রহমান।
নিহত আব্দুস সাত্তার বিশে (৬০) সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি একজন ফেরিঅলা বলে স্থানীয়রা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, ভোট চলাকালে সদস্য প্রার্থী বিল্লাল ও শান্তির পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“এক পর্যায়ে দুপক্ষের গোলাগুলি শুরু হলে মাথায় গুলিবিদ্ধ হন বিশে। যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
