খালিয়াজুরীতে এবার অবরোধের ডাক আ. লীগের
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফার ভোটের দিন দলীয় কর্মী হত্যার প্রতিবাদে নেত্রকোণার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলায় এবার চার দিনের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ।
বুধবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
গত ২২ মার্চ নির্বাচনের দিন খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদাউড়া কেন্দ্রে ভোট গণনার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আওয়ামী লীগ প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই আবু কাওসার।
এ ঘটনার পর কাওসারকে হত্যার অভিযোগ এনে তার প্রতিবাদে এবং ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণসহ বিভিন্ন দাবি আদায়ে ২৪ মার্চ থেকে উপজেলা সদরের সব দোকানপাট বন্ধ রাখার কর্মসূচির ডাক দেওয়া হয়।
নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সানোয়ারুজ্জামান জোসেফ ১৪ ভোটের ব্যবধানে জয়ী হন।
কাওসারকে হত্যার অভিযোগ এনে বুধবার দুপুরে উপজেলা সদরে দলীয় কার্যালয় থেকে একটি শোক মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বুধ থেকে শনিবার পর্যন্ত উপজেলার সব সড়ক ও নৌপথে টানা অবরোধ থাকবে।”
তিনি অভিযোগ করেন, কাওসারকে হত্যা করা হয়েছে এবং এতে উপজেলা চেয়ারম্যান শামছুজ্জামান শোয়েব ও এসআই ফজলুল হকসহ কয়েকজন জড়িত। এসময় তাদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেন তিনি।
পাশাপাশি আদাউড়া কেন্দ্রের নির্বাচন বাতিল করে ফের ভোট নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ।
কওসারের মৃত্যুর ঘটনায় খালিয়াজুরী থানায় হত্যা মামলা নেওয়ার দাবি জানিয়ে আসছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম আবু ইসহাক।
এ প্রসঙ্গে জানতে চাইলে থানার ওসি রমিজুল হক বলেন, কাওসারের ভাই গোলাম আবু ইসহাকের দেওয়া অভিযোগ জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হবে।
