২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারের সুপারিশ

পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান শুরুর জন্য সুপারিশ করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানান কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৈঠক শেষে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও জোর দেওয়া হয়েছে। বিষয়টির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।

কাপ্তাই হ্রদকে ব্যবহার করে বহুমাত্রিক আয়ের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উপর বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান উবায়দুল মোকতাদির চৌধুরী।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, সংসদ সদস্য মো. সুবিদ আলী ভূঁইয়া, এম আবদুল লতিফ, উষাতন তালুকদার ও ফিরোজা বেগম (চিনু)।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে অবৈধ অস্ত্র আর থাকার কথা নয়। বৈঠকে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার জন্য পদক্ষেপ গ্রহণে সকলে একমত হয়েছেন।

উষাতন তালুকদার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই অভিযানে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়ে নজর রাখতে হবে।