ভোট কেনার দায়ে দণ্ড
গোপালগঞ্জ সদর উপজেলায় ভোট কেনার দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার উরফি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলাম।
দণ্ডিত বাদল ভদ্র উরফি মালোপাড়া গ্রামের মনীন্দ্র নাথ ভদ্রের ছেলে। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল গাজীর সমর্থক বাদল ভদ্র টাকা দিয়ে আনারস প্রতীকে ভোট কিনছিল।
“এ সময় স্থানীয়রা নগদ ২৩ হাজার টাকাসহ তাকে আটক করে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির গাজীকে খবর দেয়। পরে মনির গাজী বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সিকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পাঠান।”
বিচারক সাক্ষ্য-প্রমাণ শেষে বাদল ভদ্রকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন বলে জানান তিনি।
