২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের ৪ বনরক্ষীকে সাময়িক বরখাস্ত

সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগে চার বনরক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:03 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ এ কথা জানান।

এরা হলেন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় কর্মরত বনরক্ষী সবুর মোল্লা, নৌকা চালক মো. আনিসুর রহমান, নাসির উদ্দিন হাওলাদার ও মো. মোশাররফ হোসেন।

এই চারজনকে কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কামাল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৩ মার্চ ইউনেস্কোর তিন সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শনে আসেন। সে সময় কটকা অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ শিকারের বিষয়টি গোচরে এলে এ নিয়ে আপত্তি তোলেন তারা।   
“ইউনেস্কো সুন্দরবনের যেসব এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে সেসব স্থানে মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। কিন্তু ওই বনকর্মীরা তা জেনেও জেলেদের অবৈধভাবে মাছ শিকার করার সুযোগ করে দিয়েছে।”
১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। ৯৮তম বিশ্ব ঐতিহ্য এটি। এক হিসাব মতে সুন্দরবনে বর্তমানে প্রায় সাড়ে পাঁচশ বেঙ্গল টাইগার ও ত্রিশ হাজারেরও বেশি চিত্রা হরিণ রয়েছে।

এছাড়া মায়া হরিণ, বন্য শূকর, বানর, গুইসাপ, ভোঁদর, ডলফিন, নোনাপানির কুমির, কিং কোবরা, অজগর ইত্যাদি নানান বন্যপ্রাণীর বসবাস রয়েছে সুন্দরবনে।