২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোর সদর উপজেলায় বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 09:20 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

নিহত ইদ্রিস আলী (৪৫) উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার শ্যামনগর গ্রামে।

তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

ইদ্রিসের ভাতিজা মেহেদী হাসান বলেন, “মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতমাইল বাজারে শাহজাহানের তেলের দোকানের পাশে ক্যারমবোর্ড খেলছিলেন তিনি। এ সময় যশোর শহরের দিকে থেকে একটি মোটরসাইকেলে করে তিন সন্ত্রাসী এসে তাকে তিনটি গুলি করে।

“একটি গুলি তার মাথায় এবং দুটি তার বুকের বা পাশে বিদ্ধ হয়।”

এরপর সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

ওসি বলেন, চরমপন্থি নান্নু বাহিনীর সদস্যরা তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।