বেতনা পাড়ে ছয় মাস থাকে জলাবদ্ধতা
বেতনা নদী ভরাট হয়ে বছরে ছয় মাস এলাকায় জলাবদ্ধতায় থাকতে হয় বলে অভিযোগ তুলেছেন সাতক্ষীরা শহরের অদূরের মাছখোলা মাঝেরপাড়ার বাসিন্দারা।
আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।
বেতনা পাড়ের বাসিন্দা রহিমা খাতুন, হাসিনা খাতুন, অঞ্জলি বিশ্বাস, নাজমা বেগম, আয়শা খাতুন, রাবেয়া, জেসমিনসহ শতাধিক মানুষ আলোচনা অংশ নেন।
বেতনা পাড়বাসী জানায়, জলাবদ্ধতার কারণে বেতনা নদীর তীরে ফসল হয় না। গাছ-গাছালি সবই মরে গেছে। হাঁস-মুরগি গবাদি পশু পালন করাও যায় না।
কাজ না পেয়ে সেই বেতনার দুই ধারের অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন বলেও দাবি করেন তারা।
