শিশুকে অপহরণের দায়ে খালুর যাবজ্জীবন
শিশুকে অপহরণের দায়ে খালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নরসিংদীর একটি আদালত।
ছয় বছর আগের ওই ঘটনার মামলায় দণ্ডিত জনির (২৮) এক লাখ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২ অক্টোবর নরসিংদী সদর উপজেলার বীরপুর গ্রামের মোস্তাফিজুর রহমান স্ত্রী স্বপ্না আক্তার, ছেলে মাশরাবিন চৌধুরী আদিত্য (সাড়ে ৩ বছর) ও মেয়ে অর্পাকে (২২মাস) নিয়ে শ্বশুর বাড়ি রায়পুরা উপজেলার তুলাতলী গ্রামে বেড়াতে যান।
পরদিন দুপুরে সেখান থেকে তার ছেলে আদিত্য নিখোঁজ হয়। ওইদিনই আদিত্যকে উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে রায়পুরা থানায় জনিকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।
মামলায় ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান তিনি।
