ছোটভাইকে হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন
ছোট ভাইকে হত্যার ঘটনার এক যুগ পর বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।
মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ বাবুল পরশুরাম উপজেলার মধ্যম ধনিকুন্ডা গ্রামের গুরা মিয়ার ছেলে। মামলার শুরু থেকে পলাতক রয়েছেন তিনি।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক।
মামলার নথির বরাত দিয়ে এপিপি দ্বিজেন্দ্র কুমার জানান, ২০০৪ সালের ৫ এপ্রিল বাবুল জায়গা দখল করে ঘর নির্মাণ শুরু করলে ছোটভাই ফরিদ বাধা দেন। এ সময় বাবুল কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ফরিদ মারা যান।
দুই দিন পর ৭ এপ্রিল নিহতের বাবা গুরা মিয়া বাদী হয়ে বড় ছেলে ও তার শ্বশুরকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে বাবুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
