চাঁপাইনবাবগঞ্জে বোমাসহ জামায়াত নেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান কেরামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে চেয়ারম্যানসহ তিনজনকে হাতবোমাসহ গ্রেপ্তার করা হয় বলে নাচোল থানার ওসি ফাসির উদ্দীন জানিয়েছেন।
গ্রেপ্তার অপর দুইজন হলেন শিবগঞ্জ উপজেলার সেলিনাবাদ গ্রামের রইচ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আনোয়ার হোসেন (৩৯) ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের ভাই আলকাস আলী (৫২)।
নাচোল থানার ওসি ফাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দবোনা সততা ইট ভাটায় সোমবার দুপুর পৌনে ১টার দিকে অভিযান চালায় নাচোল থানা পুলিশ।
“সেখান থেকে জামায়াত নেতা কেরামত আলী, কর্মী আনোয়ার হোসেন ও ওই ভাটার মালিক আলকাস আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়।”
এ ব্যাপারে নাচোল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
কেরামত আলীর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকসহ বিভিন্ন থানায় ৪২টি মামলা রয়েছে বলে জানান তিনি।
