কিশোরগঞ্জে লুট হওয়া ব্যালট উদ্ধার
প্রথম দফার ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের লুট হওয়া আনুমানিক দুই হাজার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামে একটি রাস্তার পাশে বস্তায় ভরা ব্যালট পেপারগুলো পাওয়া যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান ওই থানার এসআই সঞ্জয় কুমার বণিক।
‘উদ্ধার হওয়া ব্যালট পেপার স্থানীয় বড়ভাগ এইউ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের।’
গত মঙ্গলবার (২২ মার্চ) ভোট গ্রহণ শেষে বড়ভাগ এইউ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ব্যালটগুলো ছিনতাই করা হয়।
ওই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার দুই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী তিন সাধারণ সদস্য প্রার্থী আমিনুল হক, নজরুল ইসলাম ও তারা মিয়াসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সহাস্রাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়।
ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, ওইদিন নির্বাচনের পর সন্ধ্যায় ভোট গণনার সময় কয়েকজন সাধারণ সদস্য প্রার্থীর নেতৃত্বে তাদের সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
“সিল মারা সাধারণ সদস্য প্রার্থীদের দুই হাজার ৫২টি ব্যালট ছিনিয়ে নিয়ে যায়।
“এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়লেও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ঠেকাতে পারেনি।”
এ ঘটনায় ওই কেন্দ্রের সাধারণ সদস্যের ফল স্থগিত করা হয় বলে জানান তিনি।
