২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে ট্রেনের ধাক্কা: আহত ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ট্রাক উল্টে আহতদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 12:07 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

এরা হলেন ট্রাকচালকের সহকারী কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুল হাকিম (৩২) এবং শ্রমিক সিরাজগঞ্জ সদরের বহুতি গ্রামের ফরজ আলীর ছেলে আব্দুল জলিল (২৮)। 

রোববার বিকালে একটি ট্রাক ঝাঐল ওভারব্রিজ এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যায়।

ওই দুর্ঘটনায় চালক, সহকারী ও শ্রমিক মিলে ছয় জন আহত হয়েছিলেন।  

এ দুর্ঘটনায় সোমবার সকালেও কোনো মামলা হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

সদর উপজেলার শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শাহ জামাল আকন্দ জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সন্ধ্যার পর আব্দুল জলিল মারা যান।

“ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় মারা যান আব্দুল হাকিম।”

রাতে আব্দুল জলিলকে এবং সোমবার সকালে আব্দুল হাকিমকে দাফন করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত আরও চার জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এরা হলেন শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের হজরত আলীর ছেলে আল আমিন (২৪), আমজাদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪০), মনি শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও শহরের বিয়ারা ঘাট এলাকার শাহ জাহান আলীর ছেলে জাহাঙ্গীর আলম। 

কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সর্দার বলেন, “দুর্ঘটনায় আহত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি।” 

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন সোমবার সকালে বলেন, “নিহতের বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। রেলওয়ের কেউ অভিযোগ না দেওয়ায় দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি।”

পুরনো খবর:

ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৬