কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
ফরিদপুরের ভাঙ্গায় পুনরায় ময়ন্তদন্ত করার জন্য আদালতের নির্দেশে একমাস পর কবর থেকে এক গৃহবধূর লাশ তোলা হয়েছে।
রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সৌমেন মৈত্রের উপস্থিতিতে আইরি নাহার সুমির (২২) লাশ উত্তোলন করা হয়।
সুমি উপজেলার মহেশ্বরদি গ্রামের মাহাবুব শেখের স্ত্রী। গত ২২ ফেব্রুয়ারি বিকালে শ্বশুর বাড়ির থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সুমির মৃত্যুর পর তার বাবা মো. গোলজার হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়।
“প্রতিবেদনে পর গত ৮মার্চ সুমির পরিবার আবারও ময়নাতদন্ত জন্য আদালতে আবেদন করে।”
গোলজার হোসেন বলেন, বিয়ের পর থেকে সুমির স্বামী যৌতুক দাবি করে আসছিল।কিছুদিন আগে সে আবারও যৌতুক দাবি করে।
“তা পরিশোধ করতে দেরি হওয়ায় মাহাবুব ও তার বাড়ির লোকজন সুমিকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়।”
ঘটনার পর থেকে মাহাবুব ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে।
