বাগেরহাটে বিষখালী নদীতে যুবকের লাশ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, শনিবার রাতে উপজেলার বিষখালী নদী থেকে আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে স্থানীয় এক লোক লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
“তার পরনে কোনো কাপড় নেই। পেটের সঙ্গে দড়ি দিয়ে ইট ঝুলানো ছিল।”
৭/৮ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ইট বেঁধে নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানার এসআই সরদার ইকবাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।
