২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক গৃহবধূ ও এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যাদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 03:54 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার উপজেলার আমগ্রামে একটি গাছ থেকে এক রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানান দুর্গাপুর থানার এসআই আব্দুস সালাম।

নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে খাদেমুল ইসলাম খোকন (১৭) ও একই গ্রামের আবু সাঈদের স্ত্রী টিনা মনি (২৩)।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই সালাম জানান, আবু সাঈদের বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে রশি দুই পাশে দুইজনের গলায় ফাঁস দেওয়া লাশ পাওয়া যায়।

পরিবারের বরাত দিয়ে দিয়ে তিনি বলেন, মায়ের চাচা সাঈদের স্ত্রী টিনার সঙ্গে মধ্যে প্রেমের সম্পর্ক ছিল খোকনের। এক মাস আগে বিষয়টি তাদের পরিবারে জানাজানি হয়।

“এর পর সাঈদ তার স্ত্রী টিনাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তিনদিন আগে টিনা আবার স্বামীর বাড়িতে ফিরে আসে। শুক্রবার রাত ৮টার দিকে টিনা বাড়ি থেকে বের হয়ে যায়। আর বাড়ি ফিরেনি “

সকালে খালের পাশের একটি আমগাছে দুইজনের লাশ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা থানায় খবর দেয় বলে জানান এসআই সালাম।

এদিকে খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার বাবা আব্দুল মজিদ।

তিনি অভিযোগ করেন, খোকনকে মারার জন্য এক সপ্তাহ আগে পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনা অনুযায়ী টিনাকে আবার গ্রামে ফিরিয়ে আনা হয়েছিল।

এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাঈদ ও তার পরিবারের সদস্যরা খোকনসহ তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অপমৃত্যুর মামলাও হয়েছে।

“তবে খোকনের বাবা হত্যার অভিযোগ দিলে সেটিও আমলে নেওয়া হবে।”