পুলিশের ওপর হামলা: নির্বাচিত চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গোপালপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুষেন সেন এবার গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
বুধবার পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ওই চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে এবঙ আরো তিন অজ্ঞাতকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় পুলিশ মামলা করে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদ হোসেন জানান, এসআই গনেশ বিশ্বাসসহ কয়েকজন পুলিশ গোপালপুর ইউনিয়নের নির্বাচন শেষে পুলিশের গাড়িতে নির্বাচনী মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা রিটার্নিং অফিসে যাচ্ছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে পুলিশের গাড়িটি গোপালপুর বাজারের কাছে পৌঁছালে স্থানীয় লোকজন বাধা দিয়ে ইটপাটকেল ছোড়ে। এতে এসআই গনেশ মারাত্মক আহত হন বলে জানান তিনি।
পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
