২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সিফাত হত্যার চার্জশিটে আসামি ময়নাতদন্তের চিকিৎসকও

রাজশাহীর গৃহবধূ সিফাত হত্যা মামলায় এক চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 06:04 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত গত বছরের ২৯ মার্চ খুন হন।

আসামিরা হলেন, নিহতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলি, শ্বশুর হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান জোবাইদুর রহমান।

তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী বলেন, দীর্ঘ তদন্তে সিফাতকে হত্যার প্রমাণ মিলেছে। আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়।

“কিন্তু সিফাতের স্বামী আসিফ, শশুর রমজান ও শাশুড়ি নজলী আত্মহত্যা বলে প্রচার চালান।

“এছাড়াও প্রথম ময়নাতদন্তের চিকিৎসক জোবাইদুর রহমান আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি গোপন করে আত্মহত্যার মিথ্যা প্রতিবেদন দেন।”

কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে, বলেন আহম্মেদ আলী।

তিনি আরও জানান, চার আসামির মধ্যে আসিফ কারাগারে এবং তার বাবা ও মা জামিনে রয়েছেন।

গত বছরের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজানের বাড়িতে তার পুত্রবধূ ওয়াহিদা সিফাতের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

প্রথমে সিফাত আত্মহত্যা করেছে বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করে। পরে দ্বিতীয় ময়নাতদন্তে হত্যার প্রমাণ মিলে বলে জানানো হয়।

এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। যৌতুকের দাবিতে হত্যার এ মামলায় সিফাতের স্বামী আসিফ, শ্বশুর রমজান ও শাশুড়ি নজনীকে আসামি করা হয়।

প্রথমে মামলাটির তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশকে দেওয়া হলেও পরে সিআইডিতে স্থানান্তর করা হয়।