২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে হামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।   

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 12:24 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

রোববার রাতে ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আসন্ন নির্বাচনে প্রার্থী আবুল হাসেমের বাড়িতে এ হামলা হয়।

আবুল হাসেমের স্ত্রী স্বপ্না খাতুন অভিযোগ করেন, নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্য প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকরা ১৫/২০টি মোটরসাইকেলযোগে গভীর রাতে এসে হামলা চালিয়েছে।

“তারা দুইটি বসতঘর, একটি ট্রাক ও আসবাবপত্র ভাংচুর করেছে। এতে বাধা দেওয়ায় বাড়ির লোকজনকে তারা মারধর করেছে।”

আবার হামলার আশংকায় ঘটনার পর থেকে কোনো পুরুষ বাড়িতে আসতে সাহস করছে না বলে জানান তিনি।  

এ বিষয়ে আব্দুল কাদের বলেন, “হামলার ঘটনার আগে হাসেমের সমর্থকরা আমার এক সমর্থককে মারপিট করায় ক্ষুব্ধ লোকজন তার বাড়িতে হামলা চালিয়েছে।”

তার আহত সমর্থককে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানান ওসি রাশেদুল।