শিশুকে ধর্ষণের অভিযোগ শিশুর বিরুদ্ধে
ফেনী শহরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে।
শনিবার রাতে শহরে এ ঘটনায় গুরুতর অসুস্থ মেয়েটিকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ওই ছাত্রকে (১২) আটক করেছে।
নির্যাতিত শিশুটির চাচা জানান, শনিবার রাত ৮টার দিকে তার ভাইয়ের সাড়ে তিন বছরের মেয়ে বাসার সামনে মায়ের সঙ্গে খেলছিল।
এক পর্যায়ে মা তাকে রেখে ঘরে গেলে প্রতিবেশী এক প্রবাসীর ছেলে মেয়েটিকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে মা গিয়ে জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।
ফেনী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. মোহাম্মদ রেদওয়ান জানান, হাসপাতালে শিশুটিকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও বমি হতে থাকে।
“অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহীনুজ্জামান জানান, পুলিশ রাতে শহরের পুরাতন পুলিশ কোয়াটার সংলগ্ন রামপুর এলাকা থেকে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে আটক করেছে।
সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তাম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
