২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরে দাঁড়িয়ে ‘নিরপেক্ষ’ নির্বাচন দাবি করায় কারাগারে

বরিশালে কাফনের কাপড় পরে কবরে দাঁড়িয়ে ‘নিরপেক্ষ’ নির্বাচনের দাবি জানানোর পর এক চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 10:12 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

কাজিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলীকে ‘আত্মহত্যার চেষ্টা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে আটক করা হয় বলে মুলাদি থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী কাফনের কাপড় পরে আত্মহত্যার হুমকির মাধ্যমে জনসাধারণকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলে শুক্রবার তাকে আটক করা হয়।

“শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনায়েত উল্লাহর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

ইউসুফ আলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

তার বিরুদ্ধে পৃথক দুটি ধারায় পুলিশের এসআই নাছির হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

কারাগারে যাওয়ার আগে ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, “প্রতিপক্ষের লোকজন আমার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। তারা আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

“এতে প্রাণনাশের ভয়ে আমার প্রচারণা বন্ধ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ করেছি।”