২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি স্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

শনিবার দুপুরে উপজেলার কোদালিয়া শহরউল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ও সংলগ্ন কোদালিয়া বাজারে দুই ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৯১ রাউন্ড রাবার গুলি ও চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন হোসেন।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোস্তাইন বলেন, “প্রায় দুই বছর আগে কোদালিয়া শহরউল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কোদালিয়া গ্রামবাসী এ নিয়োগকে অবৈধ দাবি করে বিরোধিতা করে আসছিল।

“এ নিয়ে কোদালিয়া ও ঘাগড়া গ্রামবাসী বিরোধে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বিদ্যালয়ে যোগ দিতে পারছিলেন না। শনিবার সকালে ঘাগড়া গ্রামবাসীর সহযোগিতায় ওই শিক্ষকরা বিদ্যালয়ে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ শুরু হয়।”

সংঘর্ষে কয়েকজন রাবার বুলেটবিদ্ধসহ দুপক্ষের অন্তত ১০ আহত হয়েছে। পুলিশের ভয়ে তারা লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

স্থানীয় পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই সংঘর্ষ হয়।

পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা।