২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাস থেকেই বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা ভাতা পাবেন: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এ মাস থেকেই বীরাঙ্গনারার মুক্তিযোদ্ধা ভাতা পাবেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 01:26 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

শনিবার গাজীপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে তিনি বলেন, বীরাঙ্গনাদের তালিকা তৈরি হয়েছে। এ মাসেই মাননীয় প্রধানমন্ত্রী বীরাঙ্গনাদের হাতে মুক্তিযোদ্ধা ভাতা তুলে দেবেন।

২০১৫ সালের জুলাই মাস থেকে তাদের এ ভাতা কার্যকর হবে বলে জানান তিনি।

গত বছরের ১২ অক্টোবর ৪১ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে সরকার। মোট দুই ধাপে মোট ৬৭ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যা‌তিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান।

তার নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়, যা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্য‌ন্ত চলছিল।

বঙ্গবন্ধুকে হত্যার পর এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সামরিক শাসকদের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানি জান্তার সহযোগীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরইমধ্যে এ বিষয়ে আদালতের নির্দেশনাও আসে।

শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর গতবছর ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। গত বছরের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাস হয়।

শহীদ হুরমত আলীর কবর চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তর মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক,শহীদ হুরমতের মেয়ে হালিমা খাতুন, জেলা প্রশাসক এসএম আলম।