উৎকণ্ঠায় নিখোঁজ দুই ব্র্যাক কর্মকর্তার পরিবার
চরম উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন আফগানিস্তানে নিঁখোজ দুই ব্র্যাক কর্মকর্তার পরিবারের সদস্যরা। তারা তাদের যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার আফগানিস্তানের কুন্দুজ এলাকা থেকে অপহৃত হন ব্র্যাকের দুই কর্মকর্তা পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের সিরাজুল ইসলাম খান সুমন (৩৭) ও ফরিদপুর উপজেলার হাংরাগাড়ি গ্রামের প্রকৌশলী হাজি শওকত (৫০)।
গত ১০ বছর ধরে আফগানিস্তানে কাজ করে আসা শওকত সেখানে ব্র্যাকের প্রধান প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। আর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল আফগানিস্তানে আছেন চার বছর ধরে।
কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে একদল বন্দুকধারী তাদের নিয়ে যায় বলে আফগানিস্তানে ব্র্যাকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. আনোয়ার হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সিরাজের স্ত্রী লতা খাতুন সাংবাদিকদের বলেন, “বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সর্বশেষ মোবাইল ফোনে আমার স্বামীর সাথে কথা হয়।এরপর আর কোনো খবর না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি।
“রাত ১০টার দিকে আফগানিস্তানে অবস্থানরত সিরাজুলের সহকর্মী মাহবুব হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সিরাজুল ও শওকত নিখোঁজ হওয়ার খবর দেন।”
সিরাজের মা শাহনাজ পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কারোর সঙ্গে কখনও খারাপ আচরণ করেনি। সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছে।
“সরকার ও ব্র্যাকের কাছে আমার আকুল আবেদন, আমার নিরপরাধ ছেলেকে আমার কোলে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন।”
সিরাজের চাচাত ভাই আব্দুল খালেক বলেন, “ভাইয়ের সঙ্গে কর্মরত অন্যরা অপহরণের ঘটনা গত রাতে আমাদের জানিয়েছেন। এর পর থেকে আমার চাচা-চাচি চরম উদ্বেগের মধ্যে আছেন। অপহৃতদের উদ্ধারে তারা সরকারের সহায্য কামনা করেছেন।”
অপহৃত হাজি শওকতের ভায়রা আবুবকর সিদ্দিকও তাদের উদ্ধারে সরকারি তৎপরতার আবেদন জানান।
