জয়পুরহাটে কোটি টাকার মৃগনাভী উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে কোটি টাকার মৃগনাভী উদ্ধার করার কথা জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুর খবির সরকার জানান, শুক্রবার ভোরের দিকে উপজেলার কয়া সীমান্ত থেকে তারা ৫২টি হরিণের কস্তুরী উদ্ধার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চোরাকারবারীরা ভারত থেকে মৃগনাভীর চালান বাংলাদেশে আনছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি।
“অভিযানের বিষয়টি টের পেয়ে সীমান্ত এলাকার রামভদ্রপুর এলাকার একটি মাঠে মৃগনাভীগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে সেগুলো উদ্ধার করে জয়পুরহাট বিজিবির দপ্তরে জমা দেওয়া হয়।”
উদ্ধার করা কস্তুরীর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪ লাখ টাকা বলে বিজিবির এই কর্মকর্তার ভাষ্য।
