২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে পুলিশের ট্রলার উদ্ধারে নৌবাহিনী

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌ পুলিশের ডুবে যাওয়া টহল ট্রলারটি উদ্ধারে নৌবাহিনী তলব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 09:34 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বৃহস্পতিবার সারাদিনেও ফায়ার সার্ভিস ট্রলার ও খোয়া যাওয়া অস্ত্র তিনটি উদ্ধার করতে পারেনি।  

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইউনুচ আলী বৃহস্পতিবার রাতে জানান, ধলেশ্বরী নদীর যে এলাকায় ট্রলারটি ডুবেছে সেখানে পানি রয়েছে প্রায় ৬০-৭০ ফুট।

ঢাকা থেকে আগত ফায়ার সার্ভিসের একটি টিম বৃহস্পতিবার রাত অবধি দুর্ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা চালায়।

“কিন্তু তারা ট্রলারটি এবং ট্রলারের ভেতরে থাকা নৌ-পুলিশের তিনটি শটগানের কোনো সন্ধান দিতে পারেনি।”

তাই ট্রলার ও অস্ত্রের সন্ধানে নৌবাহিনীর ডুবুরি দল তলব করা হয়েছে। শুক্রবার নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করবে বলে জানান তিনি।

বুধবার রাত পৌনে ৯টার দিকে মুক্তারপুর নৌ ফাঁড়ি পুলিশের একটি ট্রলার ধলেশ্বরী নদীতে টহল দিচ্ছিল। ওই সময় শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে চাঁদপুরগামী একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় পুলিশের ট্রলারটি ডুবে যায়।

ওই সময় ট্রলারে ধাক্কায় চার পুলিশ সদস্য নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও পুলিশের সঙ্গে থাকা ৩টি শটগান খোয়া যায়। খোয়া যায় শটগানের ২৫ রাউন্ড গুলিও।

লাইটারেজ জাহাজটি আটক করা সম্ভব হয়নি।