২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত-গ্রামবাসী সংঘর্ষে জামায়াত নেতা আসামি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্রামবাসী ও হিজবুত তাওহিদকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ ১৬ জনের নামে মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 11:14 PM

Updated : 25 Jul 2022, 09:22 PM

বুধবার বিকেলে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসফিকুল হকের আদালতে মামলাটি করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাটা গ্রামের ইব্রাহীম খলিল রুবেলের (২৮) স্ত্রী হাজেরা আক্তার।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে এসআই সাঈদ মিয়া বাদী হয়ে সোনাইমুড়ী থানায় আরেকটি মামলা করেন।

থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাজেরা আক্তার উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, ছাত্রশিবিরের চাষিরহাট ইউনিয়ন সভাপতি শাহাদাৎ ও স্থানীয় মো. নুরুল আলম মওলানাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি দেখিয়ে মামলা করেছেন।”

শুনানি শেষে বিচারক বাদীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য সোনাইমুড়ী থানাকে নির্দেশ দিয়েছেন বলে ওসি জানান।

এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, “বাদী হাজেরা আক্তার অভিযোগ করেছেন, তার স্বামী নিহত ইব্রাহীম খলিল রুবেল পোরকরা গ্রামের নুরুল হক মেম্বারের বাড়িতে মসজিদ নির্মাণের কাজ করতে আসেন।

“ঘটনার দিন মো. নুরুল আলম মওলানা, উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, শফিক উল্যাহ মুন্সি, মো. বেলায়েত হোসেন ও মহিউদ্দিন বেচুর নেতৃত্বে জামায়াত, ছাত্রশিবির ও হেফাজতে ইসলামীর নেতা-কর্মীরা তার স্বামীর হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলে।”

এসআই সাঈদের মামলার বরাত দিয়ে ওসি বলেন, “এ মামলায় উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে।

“সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পোরকরা গ্রাম ও চাষিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।”

অজ্ঞাতনামা আসামিদের মধ্যে পোরকরা গ্রামবাসী ও হিজবুত তাওহিদের অনুসারী রয়েছে বলে জানান ওসি।

সোমবার সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামের ওই সংঘর্ষে দুইজন নিহত হন। আহত হন পুলিশ সদস্যসহ শতাধিক। দুটি বাড়ি ও অন্তত পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

পুরনো খবর:

হিজবুত তাওহিদ-গ্রামবাসী সংঘর্ষ: শিবির সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ