রাজাকার বলায় মানহানির মামলা
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী তালুকদারকে রাজাকার বলায় বর্তমান মেয়র আফজাল হোসেনের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
বুধবার সকালে লিয়াকত আলী বাদী হয়ে ঝালকাঠি যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেন বলে তার আইনজীবী এসএম ফজলুল হক জানান।
আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী প্রচারের সময় আফজাল হোসেন আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলীকে রাজাকার বলার পাশাপাশি বিভিন্ন কটূক্তি করে বক্তব্য দিয়েছেন।
“এতে আমার মক্কেলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।”
আদালত প্রাঙ্গণে লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, “আমি ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি। আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী।
“আফজাল হোসেন আমাকে রাজাকারসহ বিভিন্ন কটূক্তি করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন। এতে আমার মান-সম্মান ক্ষুণ্ন হওয়ায় এ মামলা করেছি।”
মামলার বিবাদী আফজাল হোসেন ঝালকাঠির বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগ গত ১২ মার্চ তাকে দল থেকে বহিষ্কার করে।
আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার বক্তব্যে অনড় আছি। আওয়ামী লীগের ওই মেয়র প্রার্থীর পরিবার কখনও আওয়ামী লীগের সাথে ছিল না। তারা মুসলীম লীগ পরিবারের লোক।”
আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক মামলাটি আমলে নিয়ে আগামী ২১ মার্চ শুনানির দিন নির্ধারণ করেছেন বলে বাদীর আইনজীবী জানিয়েছেন।
আগামী ২০ মার্চ পৌরসভা নির্বাচেনে ভোটগ্রহণের কথা রয়েছে।
