প্রক্টরকে ‘মারধর’, রেজিস্ট্রারের অপসারণ দাবি
প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে রেজিস্ট্রারের অপসারণ দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা।
বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে রেজিস্ট্রারের শাস্তি দাবি করছেন তারা।
শিক্ষকদের অভিযোগ, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টর আব্দুল বাসেতকে লাঞ্ছিত করেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
তবে অভিযোগ অস্বীকার করছেন রেজিস্ট্রার।
এরপর দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সভা করে রেজিস্ট্রারের অপসারণ দাবি করে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুণ্ডু বলেন, রেজিস্ট্রারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে প্রশাসনিক পদে থাকা ৫৯ জন শিক্ষক পদত্যাগ করবেন।
আর রোববারের মধ্যে সমাধান না হলে শিক্ষকরা গণপদত্যাগ করবেন বলে হুমকি দেন তিনি।
প্রক্টর আব্দুল বাসেত বলেন, “মঙ্গলবার রাতে নিয়োগ পরীক্ষা শেষে ফেরার পথে রেজিস্ট্রার আমার উপর অতর্কিত হামলা চালান এবং মারধর করেন।”
তবে কী কারণে মারধর করেছেন তা জানাতে পারেননি প্রক্টর। রেজিস্ট্রারের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না বলেও দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে রেজিস্ট্রার বলেন, নিয়োগ পরীক্ষা থেকে ফেরার পথে প্রক্টর তাকে গালিগালাজ করে তার উপর হামলা চালিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদও রেজিস্ট্রারের পক্ষ নেয়।
তারা রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার অভিযোগ এনে প্রক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য বরাবর স্মরকলিপি দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহি আলম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
