শিশুর ঝগড়ায় গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১
দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চার জন।
বুধবারের এ সংঘর্ষে নিহত জরিপ মিয়া (৫০) একজন মৎস্য চাষি এবং উপজেলার কালাপুর ইউনিয়নের নয়নসিড়ি গ্রামের বাসিন্দা।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় জানা যায়নি।
কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের জরিপ মিয়া ও নাজির মিয়ার পরিবারের দুই শিশুর মধ্যে মঙ্গলবার সকালে ঝগড়া ও মারামারি হয়।
“এ ঘটনায় রাতে গ্রামে সালিশ বসে। কিন্তু সালিশের রায় জরিপ মিয়া মেনে নেননি।”
তিনি বলেন, এর জেরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাজির মিয়ার সঙ্গে আনর মিয়ার লোকজন এক হয়ে জরিপ মিয়ায় লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
“সংঘর্ষের সময় প্রতিপক্ষের একজন ধারালো অস্ত্র দিয়ে জরিপ মিয়ার বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুর ঝগড়া ছাড়াও এদের মধ্যে দীর্ঘদিন ধরে হাওরের একটি বিল নিয়ে বিরোধ রয়েছে।
এ বিষয়গুলো তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
