২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হিজবুত-গ্রামবাসী সংঘর্ষে মামলা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের একদিন পর অজ্ঞাত কয়েক হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 12:49 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

হিজবুত তাওহিদ-গ্রামবাসী সংঘর্ষ: শিবির সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ
নোয়াখালীতে হিজবুত-গ্রামবাসী-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

মঙ্গলবার গভীর রাতে সোনাইমুড়ী থানার এসআই ছায়েদ মিয়া বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে ওই সংঘর্ষে দুইজন নিহত হন। আহত হন পুলিশ সদস্যসহ শতাধিক। দুটি বাড়ি ও অন্তত পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, মামলায় সোমবার সকাল থেকে পোরকরা গ্রাম, চাষিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাসৃষ্টি ও হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

“অজ্ঞাতনামা আসামিদের মধ্যে গ্রামবাসী ও হিজবুত তাওহীদের অনুসারী রয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে শান্তিশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।