২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন বৃহস্পতিবার

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে বৃহস্পতিবার তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 11:37 AM

Updated : 12 Apr 2022, 01:38 AM

সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বাজানো হবে বিউগল।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।

আলোচনা শেষে শিশু কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

এরপর সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থ মেলার উদ্বোধন শেষে সেলাই মেশিন বিতরণ করবেন।  

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশে এ দিনদিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি সফল করার সমস্ত প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।