সাবেক সাংসদ খোকার যুদ্ধাপরাধ মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ
বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়ার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকার যুদ্ধাপরাধ মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত আদমদিঘী উপজেলার ডাকবাংলোয় সাক্ষীদের বক্তব্য শোনেন আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সদস্য এবং মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জেড এম আলতাফুর রহমান।
এর আগে গত ১৪ জানুয়ারি মামলার ১৩ সাক্ষীর মধ্যে ১২ জনের বক্তব্য নেওয়া হয়েছিল।
ওই সময় যারা আংশিক সাক্ষ্য দিয়েছিলেন তাদের এবং নতুন আরও কয়েকজন দ্বিতীয় দফায় সাক্ষ্য দিয়েছেন বলে আলতাফুর রহমান জানিয়েছেন।
তবে সবমিলিয়ে কতজন সাক্ষ্য দিয়েছেন তা জানাননি তিনি।
আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে আদমদিঘী উপজেলার কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদ আলী এ মামলা করেছেন।
পরে মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
