জয়পুরহাটে ৬ ইউপিতে আ. লীগের প্রতিদ্বন্দ্বী নেই
জয়পুরহাট সদর উপজেলার নয় ইউনিয়নের মধ্যে ছয়টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এ ছয় প্রার্থী হলেন ধলাহার ইউনিয়নে ফয়েজ উদ্দিন, দোগাছীতে জহুরুল ইসলাম, আমদই ইউনিয়নে শাহানুর আলম সাবু, মোহাম্মদাবাদে আতাউর রহমান, পুরানাপৈলে খোরশেদ আলম সৈকত ও বম্বু ইউনিয়নে মোল্লা শামছুল আলম।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়টি ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছেন। এখন শুধু তিনটি ইউনিয়নে নির্বাচন হবে।
যে তিন ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হলো ভাদসা, জামালপুর ও চকবরকত ইউনিয়ন।
ভাদসা ইউনিয়নে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের হাতেম আলী, আওয়ামী লীগের বিদ্রোহী এ কে আজাদ, বিএনপির ইসমাঈল হোসেন ও স্বতন্ত্র আনোয়ার হোসেন।
জামালপুরের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের হাসানুজ্জামান মিঠু ও আওয়ামী লীগের বিদ্রোহী মোর্শেদ আলম সরদার।
চকবরকত ইউনিয়নের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শাহজাহান ও স্বতন্ত্র মুকুল সরকার।
আগামী ৩১ মার্চ জয়পুরহাট সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
