২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার প্রথম প্রহরে আড়াইসিধা ইউনিয়নের ভূঁইয়া পাড়ায় মো. সেলিম মিয়ার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, `নির্বাচনী প্রতীক বরাদ্দের পর সেলিম মিয়ার সমর্থকরা ভূইয়া পাড়ায় একটি অফিস করেন। ভোটকে সামনে রেখে তারা প্রতিদিনই ওই অফিসে যাতায়াত করেন।

‘শনিবারও রাত ১২টা পর্যন্ত অফিসে লোকজন ছিল। রাত ৩টার  দিকে কে বা কারা  অফিসের চারপাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে নির্বাচনে প্রচারের কাজে সংরক্ষিত বিভিন্ন ব্যানার, পোস্টার ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।’

এছাড়াও প্রধানমন্ত্রীর ছবি ও প্রতীকসহ নির্বাচনী ব্যানারও দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে জানান তিনি ।

এ বিষয়ে প্রার্থী সেলিম বলেন, “আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই আগুন দেওয়ার ঘটনাটি ঘটানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করতে আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানান ওসি।