২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বরখাস্ত মেয়র বুলবুল কারাগারে

নয় মামলায় আত্মসমর্পণের পর রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 04:00 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

নগর বিএনপির সহ-সভাপতি বুলবুল এক মামলায় জামিন পেলেও বাকি আটটিতে তার আবেদন নাকচ করেছেন বিচারক। 

মামলাগুলোর মধ্যে নাশকতার তিনটি, সরকারি কাজে বাধার দুটি এবং বিস্ফোরক আইনের চারটি অভিযোগ রয়েছে বলে বুলবুলের আইনজীবী আলী আখতার মাসুম জানান।

রোববার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে বুলবুল এক মামলায় জামিনের আবেদন করলে বিচারক মিজানুর রহমান তা মঞ্জুর করেন।

পুলিশের কাজে বাধা দেওয়ার এ মামলার গত ৭ মার্চ অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত না থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

এরপর মহানগর দায়রা জজ ও মহানগর হাকিম আদালতে বাকি আট মামলার জামিন শুনানি হয়।

মহানগর দায়রা জজ মোহাম্মদ আলতাব হোসাইন চার মামলায় বুলবুলের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাকিম আদালতের বিচারক জাহিদুল ইসলাম অপর চার মামলায় একই আদেশ দিলে বুলবুলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামির আইনজীবী আলী আখতার মাসুম জানান, নয়টি মামলার মধ্যে আটটি করা হয় গত বছর ৫ জানুয়ারির পর বিএনপির হরতাল-অবরোধের সময়। আর সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি হয় ২০১২ সালের ২২ এপ্রিল।

নাশকতার মামলার অভিযোগপত্রে নাম আসায় গতবছর জুলাই মাসে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বুলবুলকে সাময়িক বরখাস্ত করে সরকার। এর আগে ফেব্রুয়ারি থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

তার আত্মসমর্পণের খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সকালে আদালত প্রাঙ্গণে জড়ো হন বলে রাজপারা থানার ওসি মাহবুবুর রহমান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি মিজানুর রহমান মিনুসহ নেতাকর্মীরা এ সময় আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।