পৌরনির্বাচন: ঝালকাঠি জেলা আ.লীগের যুগ্ম সম্পাদককে বহিষ্কার
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।
আফজাল গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সা্ইফুল্লাহ পনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে আফজাল হোসেন বিভিন্ন কর্মকাণ্ড করছেন। এটা দলীয় স্বার্থ ক্ষুন্ন করেছে। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দলীয় সকল পদ থেকে আফজাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।’
এ ব্যাপারে আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘জেলা আওয়ামী লীগের একটি মহল অর্থের বিনিময়ে রাজাকার পরিবারের এক ব্যক্তিকে নৌকা প্রতীক পাইয়ে দিয়েছে। আমি নৌকা প্রতীক ফিরিয়ে আনতেই আসন্ন নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়েছি।’
‘দলীয় পদ থেকে আমাকে বহিষ্কার করার ক্ষমতা কেবল কেন্দ্রীয় কমিটির। অনিয়মতান্ত্রিকভাবে জেলা কমিটি আমাকে বহিষ্কার করতে পারে না।’
