শিশুছাত্রকে মারধরের অভিযোগে বিক্ষোভ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে বিক্ষোভসহ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
দক্ষিণ বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আশিক বৃহস্পতিবার স্কুলড্রেস না পরে স্কুলে যাওয়ায় সহকারী শিক্ষক আখলিমা বেগম লিপি বেত দিয়ে পিটিয়ে জখম করেন বলে ছাত্রের মা মাজেদা বেগমের অভিযোগ।
শুক্রবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং সহকারী শিক্ষকের বিচারের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল বাশার জানিয়েছেন, আহত ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভিন বলেন, “বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
