জুলাই থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা: সচিব
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগামী জুলাই থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান।
শুক্রবার বিকালে মাগুরায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধারা আট হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন, আগামী জুলাই থেকে তা ১০ হাজার টাকায় উন্নীত হবে।”
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চার উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও স্থান নির্বাচন বিষয়ে এ মতবিনিময় সভা হয়।
এতে সচিব এম এ হান্নান জানান, মুক্তিযোদ্ধদের জন্য জেলা পর্যায়ে কমপ্লেক্স নির্মাণের পাশপাশি সরকার উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স নির্মাণের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছে।
খুব দ্রুত ভবনের জন্য জায়গা নির্বাচন করে উপজেলা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি।
জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালা চাদঁ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্যা নবুয়ত আলী, সদর উপজেলা কমান্ডার জহুরে আলম, শ্রীপুর উপজেলা কমান্ডার ইকরাম আলী, শালিখা উপজেলা কামান্ডার আবু বক্কর, মহম্মদপুর উপজেলা কমান্ডার আলী রেজা খোকনসহ অন্যরা বক্তব্য রাখেন।
