রাজস্থলীতে অপহৃত শিশু উদ্ধার, আটক ৩
রাঙামাটির রাজস্থলীতে একদিন আগে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সকালে উপজেলার ইসলামপুরের গভীর বনে চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে বলে রাজস্থলী থানার ওসি অহিদুল্লাহ সরকার জানান।
উদ্ধার হওয়া বিজয় মারমা (৭) ইসলামপুরের উথোয়াইউ মারমার ছেলে ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
আটকদের মধ্যে রাসেলের বাড়ি কক্সবাজার ও সালাউদ্দিনের বাড়ি সন্দ্বীপে। তবে মনোয়ার রাজস্থলীর ইসলামপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
উথোয়াইউ মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বিজয়কে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে আমি তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি।”
ওসি অহিদুল্লাহ বলেন, শিশুর পরিবারের অভিযোগের পর থেকে পুলিশ ও সেনা সদস্যরা অভিযান শুরু করে। শুক্রবার সকাল ৮টার দিকে ইসলামপুরের গভীর বন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।আটক করা হয় ওই তিন যুবককে।
শিশুটি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
