দানেশের মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদের মানববন্ধন
বিসিএস মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যাকে যুক্ত করার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার ‘বাংলাদেশ ফিশারিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় এই মানববন্ধন করে।
এতে দানেশ বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
মানবন্ধন চলকালে বক্তব্য রাখেন দানেশ বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান, রবিউল ইসলাম ও মুহিউদ্দিন নুর।
বক্তারা বলেন, মৎস্য বিষয়ে যাদের ধারণা নেই তাদের এখানে সংযুক্ত করা হয়েছে।
মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যা বাদ না দিলে সকল বিশ্ববিদ্যালয়য়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ার করেন তারা।
গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের প্রজ্ঞাপনে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪টি পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
কারিগরি এই পদটিতে প্রথমবারের মতো মৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
