২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতার দাবিতে শিক্ষা অফিসে দপ্তরিদের তালা

বকেয়া বেতন ভাতার দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তালা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরিরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে এসে শিক্ষা অফিসের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান নেন তারা।

মিছিল আসতে দেখে আগেই কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষা অফিস থেকে বের হয়ে যান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

দপ্তরিদের পক্ষে আমিনুল ইসলাম বলেন, গত বছর এপ্রিল মাসে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন নৈশ প্রহরী কাম দপ্তরি নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া থেকে আজ পর্যন্ত তারা কোনো বেতন-ভাতা পাননি। তাই বাধ্য হয়ে তারা শিক্ষা অফিসে তালা দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে তিনি জানান।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, “এ কর্মচারীরা নিয়োগ পাওয়ার পরই হাই কোর্টের নির্দেশে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।”   

অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস বলেন, শুধু রায়গঞ্জ উপজেলার নয় সারাদেশের নৈশ প্রহরী কাম দপ্তরিদের বেতন ভাতা বন্ধ রয়েছে। হাই কোর্ট থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিষয়টি সমাধান হবে না। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।