টাঙ্গাইল-জামালপুরে জ্বালানি সরবরাহ শুরু
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর টাঙ্গাইল ও জামালপুরসহ উত্তরাঞ্চলের সব জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নিলে জ্বালানি সরবরাহ শুরু হয় বলে জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালপুরের পুলিশ মঙ্গলবার রাতে ট্যাংকলরিসহ চালক সাইফুল ইসলামকে আটক করলে তার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো থেকে বুধবার সকালে থেকে পুরো উত্তরবঙ্গে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ওই শ্রমিক সংগঠন।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সাথে আলোচনার পর অন্য জেলায় সরবরাহ শুরু হলেও টাঙ্গাইল ও জামালপুরে বন্ধ থাকে।
দ্বিতীয় দফা আলোচনা ও চালক সাইফুলকে ছেড়ে দিলে বিকেল ৪টায় টাঙ্গাইল ও জামালপুরেও জ্বালানি সরবরাহ শুরু হয়।
মেঘনা ডিপোর ব্যবস্থাপক শাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধ মিটে যাওয়ার পর জামালপুরের একটি লরি এসে তেল নিয়ে গেছে।
