২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর স্ত্রী ‘ধর্ষিত’, জননাঙ্গে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণের পর’ জননাঙ্গে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

এক নির্যাতনকারীকে চিনে ফেলায় গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান।

ওই গৃহবধূকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তার স্বামী সৌদি আরব থাকেন। তাদের তিনটি সন্তান রয়েছে।

ওসি বলেন, বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে মুখোশ পরা দুই দুর্বৃত্ত। তারা ঘুমন্ত অবস্থায় ওই নারীর হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে।

“এ সময় এক দুর্বৃত্তের মুখোশ খুলে গেলে ওই গৃহবধূ তাকে চিনে ফেলে। এরপর যৌনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে এবং ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।”

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

নির্যাতনের শিকার গৃহবধূর ভাবি জানান, বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন বলে জানান তিনি।