পলাশবাড়ীতে বিদ্যুতের খুঁটি চাপায় শিশু নিহত
গাইবান্ধারর পলাশবাড়ী উপজেলায় বিদ্যুতের খুঁটি চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামে এ দুর্ঘটনায় নিহত তালহা মিয়া (১০) ওই গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য মো. আবু তায়েব মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন করছিল পল্লী বিদ্যুতের লোকজন। বেলা ১২টার দিকে তালহা স্থানীয় ফুটানীর বাজার থেকে রিকশা-ভ্যানযোগে বাড়ি ফিরছিল।
“পথে ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বিদ্যুতের খুঁটি রিকশা-ভ্যানের উপর পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়।”
এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।
গাইবান্ধা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ওয়াহিদুল হক বলেন, ঠিকাদারের অধীনে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
“বিষয়টি তদন্তে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার খোরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
