২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণের দাবিতে অপহরণের পর মিলল শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিপণের দাবিতে অপহরণের দুই দিন পর এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার ও চারজনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 01:11 AM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সোমবার সন্ধ্যায় কসবা উপজেলার একটি বাড়ি থেকে নিলু আক্তারের (৭) মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

আটককৃতরা হলেন মাসুক মিয়া (২০), কিবরিয়া (২২) ইব্রাহীম (২৭) ও তামিম (২৫)। তারা কসবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নিহত নিলু ছিল গোপীনাথপুরের বারাই গ্রামের সৌদি প্রবাসী আল আমীন মিয়ার মেয়ে। নিলু তার মা রুনা আক্তারের সাথে কসবা শহরের সীমান্ত কমপ্লেক্সের ভাড়া বাসায় থাকত।

নিলুর মা রুনা আক্তার সাংবাদিকদের বলেন, “নিলু শনিবার সকালে বাসা থেকে বের হয়ে স্থানীয় ইমাম প্রি-ক্যাডেট স্কুলে যাচ্ছিল।

“এ সময় নিলুর দূর সম্পর্কের মামা মাসুক মিয়া ও কয়েকজন লোক নিলুকে অপরহণ করে এবং ওই দিন বিকেলে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আমার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে নিলুকে হত্যার হুমকি দেয়।”

ওই দিন বিকেলেই রুনা কসবা থানায় অপহরণ মামলা করলে পুলিশ লতুয়ামুড়া গ্রামের সমরাজ মিয়ার ছেলে মাসুককে আটক করে।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের জানান, মাসুকের দেওয়া তথ্যানুযায়ী গোপীনাথপুর গ্রামের হোসেন সরকারের ছেলে কিবরিয়া, একই গ্রামের ইব্রাহীম এবং সিলেটের জকিগঞ্জের মুন্সিবাজার গ্রামের আবদুস শহীদের ছেলে তামীমকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতদের দেওয়া তথ্যানুযায়ী কসবা শহরের ইমাম পাড়ার বাবরু মিয়ার নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে নিলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম লাশ দেখতে থানায় যান।