গাজীপুরে কারখানায় শ্রমিকের লাশ, পুলিশ মোতায়েন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক কারখানা থেকে এক নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধারের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কারখানার পাঁচ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শ্রমিক দীপক সাহাকে (২৭) হত্যার অভিযোগ এনেছেন তার বাবা, উপজেলার বোর্ডমিল সাহেবপাড়ার বাসিন্দা দেবব্রত সাহা।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় ইন্টারস্টপ অ্যাপারেলসের শ্রমিক দীপক শনিবার রাতের পালায় কাজ করতে গিয়ে নিখোঁজ হন।
“সোমবার বিকেলে কারখানার শ্রমিকরা পচা গন্ধ পাওয়ার পর খুঁজতে গিয়ে কারখানা চত্বরে নির্মাণাধীন নতুন ভবনের লিফটের জায়গায় জমে থাকা পানিতে দীপকের লাশ দেখতে পায়।”
লাশের বাঁ হাতের গোড়ায় একটি দাগ রয়েছে বলে পুলিশ জানালেও এর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ সোমবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল খালেক বলেন, শ্রমিকরা যেকোনো সময় আন্দোলন করতে পারে বলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে নিহতের বাবা অভিযোগ করেছেন, “দীপককে কারখানার কেউ হত্যা করেছে। বারবার কারখানায় গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কেউ কোনো সহযোগিতা করেনি। লাশ গোপন করে রেখেছিল তারা।”
এ বিষয়ে কারখানার পরিচালক মো. ইলিয়াস হোসেনকে ফোন করে সাংবাদিক পরিচয় দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর কয়েকবার ফোন করলেও রিসিভ করেননি।
তবে ওসি আব্দুল মোতালেব জানিয়েছেন, পুলিশ কারখানার ডিজিএম মো. রফিকুল ইসলামসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং দোষীদের খুঁজে বের করার জন্য ঘটনা তদন্ত করা হচ্ছে।
দীপক ওই কারখানার ফিনিশিং সেকশনে কাজ করতেন।
পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
