পেয়ারা ছিঁড়ার অপরাধে শিক্ষার্থীকে পিটিয়ে আহত
স্কুলের গাছের পেয়ারা ছেঁড়ার অপরাধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার বিকেলে সাভারের রাজাশন এলাকার আল-আমিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনায় আহত হাসানুল খান শুভকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা শফিউল্লাহ খান বলেন, স্কুলে যাওয়ার পর তার ছেলে গাছের একটি পেয়ার ছিঁড়ে। বিষয়টি প্রধান শিক্ষক এবিএম আব্দুল বাতেন তাকে একটি কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে পিটিয়ে আহত করে।
“পরে এ খবর পেয়ে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”
ছাত্রকে পেটানোর কথা স্বীকার করে প্রধান শিক্ষক বলেন, “ছেলেটি বেয়াদব, বারণ করা সত্ত্বেও মাঝে মধ্যেই গাছের পেয়ারা ছিঁড়ে। এ কারণেই তাকে একটু শাসন করা হয়েছে।”
এ প্রসঙ্গে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিস বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
