নওগাঁয় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
নওগাঁর রাণীনগরে এক ‘বুদ্ধি প্রতিবন্ধী’ নারীকে ধর্ষণ ও তার বাড়িতে হামলার মামলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ হিল জানান।
এরা হলেন বিশিয়া গ্রামের মফিজ প্রামাণিকের দুই ছেলে বেলালউদ্দিন প্রামাণিক (৩৫) ও কছিমউদ্দিন প্রামাণিক বাচ্চু (৪৫) এবং একই গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (৩৮)।
আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী বাবার বাড়ি থাকতেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘরে ঢুকে ওই গ্রামের রেকছিমউদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (৩০) তাকে ধর্ষণ করে।
“এ সময় ওই নারীর চিৎকার দিলে পালিয়ে যাওয়ার সময় ফরিদুলকে ধরে ফেলেন তার ভাই। কিন্তু ফরিদুল তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়।”
আব্দুল্লাহ আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিলে শনিবার সকাল ১০টার দিকে ফরিদুল ও তার ৭/৮ জন সহযোগী ওই নারীর পরিবারের লোকজনকে মামলা না করার হুমকি দেয় এবং বাড়িতে ভাংচুর চালায়।
“এ ঘটনায় রোববার রাতে ফরিদুলসহ আটজনকে আসামি করে মামলা হলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।”
সোমবার নওগাঁ সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান বলেন, “পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।”
