২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মাগুরা সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 10:40 AM

Updated : 11 Oct 2022, 07:53 PM

সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কুসুন্দি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান।

নিহত আমিনুল ইসলাম লিটন (৪২) সদর উপজেলার আজমপুরের বাসিন্দা ইদ্রিস মোল্লার ছেলে।তার লাশ মাগুরা সদর থানায় রাখা রয়েছে।

পুলিশের দাবি, এ ঘটনায় তাজ উদ্দিন, কামরুল, মামুন ও লাল মিয়া নামে চার কনস্টেবল আহত হয়েছেন। তারা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

এসপি এহসান বলেন, রাতে মহাসড়কের কুসুন্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ।

“এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল ডাকাত। জবাবে পুলিশও গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।পরে সেখান থেকে লিটনের লাশ উদ্ধার করা হয়।”

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি রামদা, একটি চাপাতি ও গাছকাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসপি বলছেন, নিহত লিটন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে মাগুরা সদর থানা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক মামলা রয়েছে।

</div>  </p>